Friday, November 6

গণভোটের রায় বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছর বিএনপির পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির ভোলা জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, বিএনপি তাদের পুরোনো রাজনৈতিক চরিত্র, অভ্যাস ও মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারলে ধীরে ধীরে বাংলাদেশে দলটির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। গত ছয় মাসে বিএনপির কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন বলেও জানান তিনি।

তার অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, দলীয়করণ ও স্বজনপ্রীতির মতো পুরোনো রাজনৈতিক চর্চা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। প্রশাসনে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তিনি বলেন, ডিসি, এসপি ও ইউএনও কার্যালয়সহ প্রশাসনের বিভিন্ন স্তরে বিএনপির নেতারা নিজেদের মতো করে প্রতিষ্ঠান পরিচালনার চেষ্টা করছেন।

সারজিস বলেন, এসব রাজনৈতিক চর্চা অব্যাহত থাকলে দেশে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে না। গণভোটের রায় বাস্তবায়ন না করা হলে বিএনপির জন্য রাজনৈতিকভাবে বড় সংকট তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে দলীয় প্রভাব খাটিয়ে নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করতেই মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানো হয়েছে।

তবে বিএনপির সমালোচনা করলেও দলটিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না বলে জানান সারজিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগকে তিনি খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী দল হিসেবে মনে করেন এবং তাদের রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে।

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, থানা দখল কিংবা মানুষের ওপর জুলুমের অভিযোগ উঠলে এনসিপি তা নিয়ে কথা বলবে বলেও জানান তিনি। তবে এসব কর্মকাণ্ডের জন্য বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করা হবে না বলে স্পষ্ট করেন সারজিস।

বিএনপিকে পুরোনো রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলটি বর্তমানে যেসব কর্মকাণ্ড করছে, সেগুলো পুরোনো কায়দার রাজনীতি। এসব থেকে বেরিয়ে না এলে রাজপথে এনসিপির কর্মসূচি আরও জোরালো করা হবে।

এর আগে বুধবার সকালে বরিশাল থেকে ভোলায় যান সারজিস আলম। পরে স্থানীয় এনসিপি নেতাদের সঙ্গে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

Leave A Reply


Math Captcha
89 − 84 =