Friday, November 6

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালি-বিধির ৬৮ বিধির আলোচনার সময় এ ঘটনা ঘটে।

আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সাদামাটা জীবনযাপনের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে হওয়াটা তাকে উৎসাহিত করে। এমনকি এত কম টাকায় তিনিও খেতে পারেন না বলে মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, ‘আমরা উৎসাহিত হই, যখন দেখি মাননীয় প্রধানমন্ত্রীর লাঞ্চের খরচ ১০০-১৫০ টাকা। খুব ভালো লাগে। কারণ, এত কম টাকায় আমিও খাইতে পারি না। একদম প্লেনলি বলতেছি। আমার বোধ হয় আরেকটু বেশি খরচ হয়।’

তার এ বক্তব্যের পর প্রধানমন্ত্রী নিজের আসন থেকে হাতের ইশারায় তাকে দুপুরের খাবারের আমন্ত্রণ জানান। একই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও মাইক ছাড়াই বিরোধীদলীয় নেতাকে খাওয়ানোর কথা বলেন এবং প্রধানমন্ত্রীর দিকে ইশারা করেন।

জবাবে শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ, খাওয়ায় দিবেন? অনেক ধন্যবাদ। আমি তো একা খাব না। আমি তো ১৮ কোটি মানুষ নিয়ে খাইতে চাই। আমি সবাইকে নিয়ে খেতে চাই। তারপরেও ধন্যবাদ এই অফারটা দেওয়ার জন্য।’

প্রধানমন্ত্রীর জীবনযাপনের প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সাদামাটা জীবনযাপন করেন। তার পোশাক ও জীবনযাপনে জাঁকজমক নেই এবং তিনি সাধারণভাবে চলাফেরা করেন।

তবে বিভিন্ন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর ‘আইকন’ হিসেবে তুলে ধরার প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, কাউকে আইকন হিসেবে অনুসরণ করলে তার ভালো দিকগুলোও অনুসরণ করতে হবে। অনেক ক্ষেত্রে আইকনের প্রশংসা করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণে তার বিপরীত চিত্র দেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘কাউকে আইকন বললে তার ভালো দিকগুলোও অনুসরণ করতে হবে। আমরা আশা করি, এখন থেকে আইকন বলার আগে সাবধান হয়ে বলবেন। আর আইকন বললে তাকে ফলো করতে হবে। প্রধানমন্ত্রীও মানুষ। তিনি ভুলের ঊর্ধ্বে নন। তার সবকিছুতে হ্যাঁ বলা যাবে না। হ্যাঁ বলা যাবে শুধু শিশুদের দাবিতে। তারা যা বলবে, তাতে হ্যাঁ বলা যাবে।’

অটোরিকশা নিয়ন্ত্রণে হচ্ছে নীতিমালা

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। সোমবার জাতীয় সংসদে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, নীতিমালা কার্যকর হলে অনুমোদিত অটোরিকশাগুলোকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। চালকদের নিবন্ধন ও প্রশিক্ষণ শেষে লাইসেন্সের আওতায় আনা হবে। পাশাপাশি কোন কোন সড়কে এসব যান চলাচল করতে পারবে, সেটিও নির্ধারণ করে দেওয়া হবে।

এদিকে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, যানজট কমানো এবং নৌপথকে জনপ্রিয় করতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথে ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নতুন ব্যবস্থাপনায় ওয়াটার বাস পরিচালনা করা হবে।

গঠন করা হলো আরও চার সংসদীয় কমিটি

জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সদ্য গঠিত কার্যপ্রণালি বিধি-সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন-সম্পর্কিত কমিটির সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে রাখা হয়নি।

সংসদের অধিবেশনে চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রথম তিনটি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে পিটিশন কমিটি গঠনের প্রস্তাব দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংসদে প্রস্তাব দুটি উত্থাপনের পর কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

Leave A Reply


Math Captcha
74 − = 73