Friday, November 6

জামায়াত ঘোষিত লংমার্চের কারণে রাস্তাঘাট বন্ধ রাখা এবং এক লাখ লিটার তেল অপচয়ের অভিযোগ তুলে জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।

শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান দাবি করেন, জামায়াত ঘোষিত লংমার্চে দলীয় নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের তেমন আগ্রহ বা অংশগ্রহণ নেই। তার ভাষ্য, লংমার্চ ঘিরে বড় ধরনের জনসমাগমের প্রত্যাশা করা হলেও সাধারণ মানুষকে এতে সম্পৃক্ত করতে পারেনি জামায়াত নেতৃত্বাধীন জোট।

তিনি আরও দাবি করেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে সাধারণ মানুষ যথেষ্ট অবগত। ছয় মাসের সরকারের ওপর গত ১৮ থেকে ২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা ‘মূর্খতার শামিল’ বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, স্বাক্ষরিত জুলাই জাতীয় সংসদ (সনদ) বাস্তবায়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিরোধী দলের ছয় দফা দাবির প্রসঙ্গে তিনি দাবি করেন, এতে জনগণের তেমন আগ্রহ নেই। তার ভাষ্য, লংমার্চের কারণে রাস্তাঘাট বন্ধ রাখা এবং এক লাখ লিটার তেল অপচয়ের ফলে জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে। লংমার্চের কারণে এসব যান চলাচল বন্ধ থাকায় রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে বলেও দাবি করেন তিনি।

শেষে রাশেদ খান অভিযোগ করেন, “সম্পূর্ণ দলীয় স্বার্থে এবং মিথ্যাচার ও প্রতারণাকে পুঁজি করে জনগণের ওপর একপ্রকার জোরপূর্বক লংমার্চ নামক আন্দোলন চাপিয়ে দিয়েছে জামায়াত।”

Leave A Reply


Math Captcha
78 + = 85