জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ শান্তিপূর্ণভাবে পালন করা হবে। তবে সরকার এতে বাধা দেওয়ার চেষ্টা করলে লংমার্চের ছয় দফা এক দফায় পরিণত হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হওয়ার আগে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “ঐতিহাসিক শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক লংমার্চ শুরু হতে যাচ্ছে। আমরা ঢাকাবাসীর কাছ থেকে বিদায় নিতে এসেছি। এই লংমার্চের জন্য আপনারা আমাদের দোয়া করবেন। আজ যত বাধা-বিপত্তিই আসুক না কেন, আমাদের এই লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবেই, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশের মানুষ ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার ঢাকা থেকে চট্টগ্রামসহ অন্যান্য বিভাগের উদ্দেশে লংমার্চ শুরু হয়েছে। নতুন করে যারা স্বৈরাচার হওয়ার পথে এগোচ্ছে, তাদের সেই পথ বন্ধ করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
এনসিপির এই নেতা বলেন, “আমাদের এই লংমার্চ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। যারা তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বাড়ানোর পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধেও এই লংমার্চ। যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, এই লংমার্চ তাদের বিরুদ্ধেও।”
জনগণের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “আপনারা দলে দলে এই লংমার্চে অংশগ্রহণ করুন। এই লংমার্চ কোনো ১১ দলের নয়; এই লংমার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের।”
