Friday, November 6

খুলনা মহানগরীর ফরাজীপাড়ায় বাজার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস। রোববার (৯ আগস্ট) সন্ধ্যার পর ফরাজীপাড়ার আকবর স্টোরের সামনে ৫ থেকে ৬ জনের একটি দল তাকে ঘিরে ধরে মারধর করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

আহত অনিন্দ্য কুমার দাসকে প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত কর্মকর্তা জানান, সন্ধ্যার পর ফরাজীপাড়ার আকবর স্টোর থেকে বাজার করে বের হচ্ছিলেন তিনি। দোকানের সামনে আসার পর ৫ থেকে ৬ জন ব্যক্তি আকস্মিকভাবে তার ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে কী কারণে বা পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, আহত খাদ্য কর্মকর্তা শহর খাদ্য নিয়ন্ত্রক পদের একজন কর্মকর্তা। ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে তিনি একটি বাড়ি নির্মাণ করেন। এ ছাড়া ডিলার ও মিলারদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল বলেও দাবি করা হয়েছে।

ওই সূত্র আরও দাবি করেছে, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক ছাত্রলীগ ও পরবর্তী সময়ে যুবলীগ নেতা শফিকুর রহমান পলাশের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে অনিন্দ্য কুমার দাস অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের হিসাব বিভাগের একজন কর্মকর্তার সঙ্গেও তার যোগসাজশ ছিল বলে অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলার সঙ্গে এসব অভিযোগের কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও নিশ্চিত নয়।

হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Leave A Reply


Math Captcha
8 + 1 =