Friday, November 6

ছোটখাটো সমস্যা ও মতবিরোধ দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে। যদি সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলেই আমরা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারব।”

বিগত সরকারের আমলে প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং ২০ হাজার নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, “রাজনৈতিক সহিংসতা ও মতানৈক্য বড় পরিসরে বাড়তে না দিয়ে নির্বাচনী ট্রেনকেই দলগুলোর গন্তব্য মনে করা উচিত।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন। তখনকার সব সংবাদমাধ্যম একসাথে তার দেয়া বয়ান তৈরি করত।”

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, “বর্তমানের পত্রিকাগুলো বিগত সরকারের ভয়ের সংস্কৃতি তুলে আনতে পারেনি। এখন গণমাধ্যমের দায়িত্ব সেই সত্যগুলো সমাজের সামনে তুলে ধরা।”

Leave A Reply


Math Captcha
28 + = 30