জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দল থেকে পদত্যাগ করেছেন— এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাত থেকে এ তথ্য ছড়িয়ে পড়ে, যেখানে দলের একটি সূত্রের বরাত দেওয়া হয়।
খবরে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এনসিপির হাইকমান্ড এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।
এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেছেন, পদত্যাগের বিষয়টি সঠিক নয়।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগ বা অব্যাহতি নেওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।’

