ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসককে ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করায় রোগীর স্বজনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার বাসিন্দা তানভীর হাসান তাঁর দুই বছর বয়সী ছেলে রুজায়াইনকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান। পরিবারের দাবি, বিড়ালের আঁচড়ে আহত শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল।
অভিযোগ অনুযায়ী, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলামকে সালাম জানিয়ে ‘ভাই’ সম্বোধন করে শিশুর বিষয়ে জানান তানভীর। চিকিৎসক জানান, হাসপাতালে বিড়ালের আঁচড় বা কামড়ের প্রয়োজনীয় টিকা নেই এবং বিকেলে আসতে বলেন।
পরে যোগাযোগের সুবিধার্থে চিকিৎসকের মোবাইল নম্বর চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে চিকিৎসাসেবা না দিয়ে চলে যেতে বলেন বলে অভিযোগ করেন তানভীর হাসান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রোগীর স্বজনকে বলতে শোনা যায়, “প্রথমে ঢুকেই আপনাকে সালাম দিলাম, এরপর ভাই বললাম। আপনি কোন গেজেটেড অফিসার যে আপনাকে ভাই বলা যাবে না?” জবাবে চিকিৎসক বলেন, “আপনি চলে যান, আপনার সঙ্গে কোনো কথা বলব না।”
তানভীর হাসানের ভাষ্য, তিনি তাঁর অসুস্থ সন্তানকে চিকিৎসার আশায় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এবং সম্মান দেখিয়েই কথা বলেছেন। কিন্তু ‘ভাই’ বলে সম্বোধন করায় চিকিৎসক বিরক্ত হন এবং পরবর্তীতে চিকিৎসা না দিয়েই তাঁকে চলে যেতে বলেন।
এ বিষয়ে চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ জানিয়েছেন, ডা. আরিফুল ইসলাম দায়িত্বশীল ও কর্মঠ একজন চিকিৎসক। তাঁর মতে, ঘটনাটি মূলত ভুল বোঝাবুঝির ফল। রোগীর স্বজনকে হাসপাতালের অফিসিয়াল নম্বর দেওয়া যেতে পারত এবং ভিডিওতেও চিকিৎসককে ‘ভাই’ বলে সম্বোধন করতে নিষেধ করতে স্পষ্টভাবে শোনা যায় না।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সরকারি হাসপাতালে রোগীদের সঙ্গে চিকিৎসকদের আরও সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

