Saturday, November 7

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক মাজহারুল ইসলামের আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, ইমরান শেখ তাঁর অফিস কক্ষে বসে একজন সেবাগ্রহীতার কাছ থেকে ৫০০ টাকার ১০টি নোট, অর্থাৎ মোট ৫ হাজার টাকা গ্রহণ করছেন। টাকা নেওয়ার সময় তিনি জমির মূল দলিল জমা দেওয়া, আবেদন সম্পন্ন করা এবং দুই সপ্তাহের মধ্যে কাজ শেষ হওয়ার বিষয়ে কথা বলেন। একই সঙ্গে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে মন্তব্য করে বলেন, তিনিও ৪০তম বিসিএসের কর্মকর্তা হলেও নন-ক্যাডার হিসেবে নিয়োগ পেয়েছেন।

ভিডিওটি প্রায় ৫৮ সেকেন্ডের। স্থানীয়দের ধারণা, এটি প্রায় এক বছর আগে ধারণ করা হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিযোগের বিষয়ে ইমরান শেখ দাবি করেছেন, এটি কোনো ঘুষের টাকা নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি অনেককে ব্যক্তিগতভাবে টাকা ধার দেন এবং ভিডিওতে দেখা টাকাটি সেই ধার করা অর্থ ফেরত দেওয়ার সময়ের। তবে যিনি টাকা ফেরত দিয়েছেন, তাঁর পরিচয় প্রকাশ করতে তিনি রাজি হননি।

ভিডিওটি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসন তাঁকে সাময়িক বরখাস্ত করে। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
+ 9 = 15