ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরে বাসের অপেক্ষায় থাকা এক তরুণকে জোরপূর্বক ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার বিকেলে নগরের দিঘারকান্দা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লিখন হাসান (১৯) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গুজারকুড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
র্যাব সূত্রে জানা গেছে, গাজীপুরে বোনের বাসা থেকে বাড়ি ফেরার পথে বিকেল সোয়া ৪টার দিকে দিঘারকান্দা বাইপাস এলাকায় বাস থেকে নামেন লিখন। শেরপুরগামী বাস ধরতে পাটগুদাম ব্রিজ মোড়ে যাওয়ার জন্য অটোরিকশার অপেক্ষায় থাকাকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে তার সামনে থামে। চালকসহ তিনজন জোর করে তাকে অটোরিকশায় তুলে বাড়ির ঠিকানা জানতে চান। পরে তাকে মারধর করে একটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা ৩১০ টাকা ছিনিয়ে নেন এবং হত্যার হুমকি দেন।
একপর্যায়ে কেওয়াটখালী বাইপাস সড়কের ময়নার মোড় এলাকায় র্যাবের একটি টহল গাড়ি দেখতে পেয়ে চলন্ত অটোরিকশা থেকে সড়কে লাফ দেন লিখন। পরে র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে অটোরিকশায় থাকা তিনজনকে আটক করেন।
আটক ব্যক্তিরা হলেন রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২০), সাব্বির হোসেন ওরফে তপন (২০) এবং মো. সোয়াদ (১৯)। তাদের বাড়ি ময়মনসিংহ নগরের বিভিন্ন এলাকায়।
র্যাব মঙ্গলবার আটক তিনজনকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে। এ ঘটনায় লিখন হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
র্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে মহাসড়কে সাধারণ যাত্রী ও পথচারীদের জোরপূর্বক অটোরিকশায় তুলে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতেন। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

