জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। সোমবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে।
আটক রিয়াজ আহমেদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার উত্তর বাহেরচর এলাকায়। শিক্ষার্থীদের অভিযোগ, তিনি গত প্রায় ছয় মাস ধরে ক্যাম্পাসে এসে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণ করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বড় পর্দায় ব্রাজিল-জাপান বিশ্বকাপ ম্যাচ উপভোগ শেষে কয়েকজন ছাত্রী টিএসসির ওয়াশরুমে যান। এ সময় এক যুবকের সন্দেহজনক চলাফেরা দেখে শিক্ষার্থীরা তাকে আটক করেন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া যায়।
শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তের মোবাইল ফোনে চলতি বছরের জানুয়ারি থেকে ধারণ করা প্রায় ১৪০টি স্পর্শকাতর ভিডিও পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে প্রান্তিক ফটকে নিয়ে যান।
পরে আশুলিয়া থানা পুলিশ তাকে নিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়। ভোরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নেওয়ার পর ভুক্তভোগী ছাত্রীরা লিখিত অভিযোগ দেন এবং মামলা দায়েরের জন্য আশুলিয়া থানায় যান।
অভিযুক্ত রিয়াজ আহমেদ দাবি করেন, তিনি বড় পর্দায় খেলা দেখতে ক্যাম্পাসে এসেছিলেন। তার ভাষ্য, এক বন্ধু তার মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করেছিলেন। তবে মোবাইল ফোনে দীর্ঘ সময়ের ভিডিও থাকার বিষয়ে তিনি স্বীকার করেন যে এর আগেও ক্যাম্পাসে এসে কিছু ভিডিও ধারণ করেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। অভিযুক্ত বহিরাগতকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা রুজু করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

