Saturday, November 7

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর

২২ জুন, ২০২৬

শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমরান ছৈয়াল নামে এক শিক্ষককে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার ‘দারুল আরকান ইবতেদায়ী মাদরাসা’ থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত ইমরান ছৈয়াল ওই মাদরাসার অফিস সহকারীর দায়িত্ব পালনের পাশাপাশি শিশুদের কুরআন ও বাংলা পড়াতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক ইমরান ছৈয়াল দীর্ঘদিন ধরে মাদরাসার বেশ কয়েকজন শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন করে আসছিলেন। সম্প্রতি এক শিশু তার পরিবারের কাছে বিষয়টি জানালে প্রথমদিকে অভিভাবকেরা তা গুরুত্ব দেননি। পরবর্তীতে গত ১৮ জুন (বৃহস্পতিবার) ওই শিক্ষক আবারও শিশুটিকে যৌন নিপীড়ন করলে সে বাড়িতে গিয়ে বিস্তারিত জানায়।

সেদিনই পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে খুঁজে পাননি। পরে রোববার সকালে পুনরায় মাদরাসায় গিয়ে স্থানীয়দের সহায়তায় ইমরানকে হাতেনাতে আটক করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশুর মা ক্ষোভ প্রকাশ করে বলেন,

“কয়েকদিন ধরেই আমার মেয়ে এসে শিক্ষকের বিরুদ্ধে এসব কথা বলছিল, কিন্তু লোকলজ্জা আর অবিশ্বাসের কারণে আমি গুরুত্ব দিইনি। বৃহস্পতিবার আবারও মেয়ে একই অভিযোগ করলে আমরা মাদরাসায় যাই। আজ এলাকাবাসীর সহায়তায় তাকে ধরে জানতে পারলাম, শুধু আমার মেয়ে নয়, আরও একাধিক শিশুর সঙ্গে সে এই জঘন্য কাজ করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।”

স্থানীয় বাসিন্দা ইলিয়াস হোসেন বলেন, “অনেক বাচ্চাই তাদের মায়েদের বিষয়টি বলেছিল। কিন্তু সামাজিক সম্মানের ভয়ে কেউ মুখ খোলেনি। আজ একজন অভিভাবক প্রতিবাদ করায় পুরো ঘটনা সামনে এসেছে। শিক্ষকের মতো পবিত্র পেশায় থেকে যারা এমন কাজ করে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।”

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

“স্থানীয়রা ওই শিক্ষককে আটকে রেখেছিল, খবর পেয়ে পুলিশ ধানুকা এলাকা থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। আমরা ভুক্তভোগী শিশু ও তার অভিভাবকের সঙ্গে কথা বলেছি। এই ঘটনায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

Leave A Reply


Math Captcha
42 − 41 =