Saturday, November 7

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২১ জুন) বিকেলে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকায় একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আলিফ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত মারিয়া সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে। সে স্থানীয় সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

ঘটনার প্রেক্ষাপট ও নিখোঁজ

পারিবারিক ও স্কুল সূত্রে জানা গেছে, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন চলাকালীন একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী আলিফের সঙ্গে মারিয়াকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। বিষয়টি বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে ধরা পড়লে কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীর অভিভাবককে ডেকে এনে মুচলেকা নেয়। একই সঙ্গে উভয় শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়।

এই ঘটনার পর থেকেই মারিয়া নিখোঁজ ছিল। পরিবারের দাবি, ঘটনার দিন সে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখেই বেরিয়ে যায়। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

যেভাবে মরদেহ উদ্ধার

আজ বিকেলে চন্দননগর এলাকার কবরস্থানের পাশের একটি ঝোপে একটি স্কুলব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। পরে তারা ঝোপের ভেতর খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের বক্তব্য

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এই নৃশংসতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ সব ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। জিজ্ঞাসাবাদের জন্য দশম শ্রেণির শিক্ষার্থী আলিফকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।”

Leave A Reply


Math Captcha
− 1 = 4