ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য আমদানি করা ২০০টি ব্রডগেজ কোচের প্রথম চালানের ১৮টি নতুন যাত্রীবাহী কোচ দেশে এসেছে। কোচগুলো দর্শনা হয়ে ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছায়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টা ৫৫ মিনিটে কোচগুলো ঈশ্বরদী জংশন স্টেশনের ১ নম্বর লাইনে এসে অবস্থান নেয়। আনুষঙ্গিক কাজ শেষে রাত ১০টা ১৩ মিনিটে সেগুলো ঈশ্বরদী জংশন স্টেশন ছেড়ে আজিমনগর হয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশে রওনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই) রবিউল ইসলাম জানান, কোচগুলো ইতোমধ্যে ঈশ্বরদী জংশন স্টেশন ছেড়ে সরাসরি সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগীয় কর্মকর্তারা নিজ নিজ ক্ষেত্রে কাজ শুরু করেছেন।
প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কেবিন এবং দুটি এসি পাওয়ার কার রয়েছে।
কোচগুলোতে নন-এসি আসন রয়েছে ১০৪টি, এসি আসন ৮০টি। এছাড়া কেবিনে দিনে ৪৮টি এবং রাতে ২৪টি আসনের ব্যবস্থা রয়েছে।
এর আগে ভারতের দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ১৮টি কোচ গ্রহণ করেন প্রকল্প পরিচালক মো. জয়দুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী পাকশীর কমান্ড্যান্ট মো. রেজওয়ান উর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাছিনা খাতুন, বিভাগীয় প্রকৌশলী-১ গৌতম বিশ্বাস, সহকারী কমান্ড্যান্ট মো. ফিরোজ আহমেদসহ বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা। এ সময় ভারতীয় রেলওয়ের প্রতিনিধি মিরাজ ও আকরামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
