Friday, November 6

বিমানবন্দরে লাগেজ পেতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি এখন আর হচ্ছে না বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তাঁর মতে, লাগেজ পেতে দেরি হওয়ার অভিযোগ এখন অনেকটা ‘ট্রেন্ড’ হয়ে গেছে। তবে দু-একটি ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের ভেতরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় এক সাংবাদিক অভিযোগ করেন, বিমানবন্দরে লাগেজ পেতে যাত্রীদের এক থেকে দেড় ঘণ্টা, এমনকি তিন থেকে সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বিষয়টি নিয়ে মন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বিমানবন্দরের এক কর্মকর্তার কাছে আগের দিন এমন কোনো ঘটনা ঘটেছিল কি না জানতে চান।

জবাবে ওই কর্মকর্তা বলেন, এ ধরনের কোনো তথ্য তাঁদের কাছে নেই। তবে সাংবাদিক দাবি করেন, তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং সৌদি আরবগামী একটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকেও লাগেজ পেতে দেরি হওয়ার অভিযোগ পেয়েছেন।

এ সময় ওই কর্মকর্তা সাংবাদিকদের ফ্লাইট অবতরণের সময় এবং যাত্রীদের সাক্ষাৎকার নেওয়ার সময় যাচাই করার পরামর্শ দেন।

এরপর লাগেজ পেতে দেরির অভিযোগ নিয়ে মন্ত্রী বলেন, ‘সবাই বলেনি। আমার মনে হয়, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে।’ তিনি জানান, যাদের সঙ্গে তিনি কথা বলেছেন, তাঁদের কেউ ৯ মিনিট, কেউ ১০ মিনিট এবং কেউ ১৫ মিনিটের মধ্যে লাগেজ পাওয়ার কথা জানিয়েছেন।

মন্ত্রী বলেন, আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় লাগলেও আন্তর্জাতিক অনেক বিমানবন্দরে এমনটা হয়ে থাকে। তবে বিমানবন্দরের পরিস্থিতি আরও উন্নত করতে সরকার কাজ করছে।

দু-একটি ঘটনা হলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস

বিমানবন্দরের কর্মীদের কাজের বিষয়ে মন্ত্রী বলেন, অতীতে অনেক কর্মী দলীয়ভাবে নিয়োগ পাওয়ায় দায়িত্ব পালনে শৈথিল্য ছিল। তবে তাঁর দাবি, বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে।

সাংবাদিকরা লাগেজ পেতে ভোগান্তি এখনও হচ্ছে বলে জানালে মন্ত্রী বলেন, ‘দু-একটি যদি হয়ে থাকে, আমি জানি না। সেগুলো অ্যাড্রেস করা হবে।’

এ সময় তিনি বিমানবন্দরের টার্মিনালে গিয়ে সরেজমিন পরিস্থিতি দেখার কথাও জানান।

Leave A Reply


Math Captcha
67 − 61 =