Friday, November 6

সৌরবিদ্যুতের ব্যবহার ঘোষণায় সীমাবদ্ধ না রেখে রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর নিজ বাসভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করে তা বাস্তবায়ন শুরু করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দাবি, সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ প্রধানমন্ত্রীর বাসভবনে ব্যবহারের পর গত তিন দিনে উদ্বৃত্ত ১ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সরকারের উপপরিচালকদের নিয়ে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, গত তিন দিনে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রী একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমবায় ভবনসহ দেশের সব সরকারি ভবনের ছাদ কাজে লাগিয়ে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করা হবে।

এ সময় সৌরবিদ্যুৎ উৎপাদনকে শুধু ব্যয় কমানোর উদ্যোগ হিসেবে না দেখে লাভজনক ও ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্দেশনা

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মাঠপর্যায়ে কোনো মহল যাতে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে ইউএনওদের সতর্ক থাকার নির্দেশ দেন মীর শাহে আলম।

একই সঙ্গে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সর্বশক্তি প্রয়োগের আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

ইউএনওদের উদ্দেশে মীর শাহে আলম বলেন, এলাকার দুস্থ ও অসহায় মানুষ তাৎক্ষণিক সহায়তার আশায় উপজেলা প্রশাসনের কাছে আসেন। তাই প্রতিটি ইউএনওর জন্য একটি ঐচ্ছিক তহবিল থাকা প্রয়োজন, যেখান থেকে জরুরি প্রয়োজনে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ ধরনের তহবিলের অর্থায়ন করতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয় নিজস্ব রাজস্ব আয় থেকে বরাদ্দ দেবে বলেও আশ্বাস দেন তিনি।

এ ছাড়া বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

সভায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানির সরবরাহ বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Leave A Reply


Math Captcha
21 − 15 =