ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অন্যতম কর্মসূচি ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক পর্যায় শেষে এবার নিয়মিত ও বৃহৎ পরিসরে বাস্তবায়নের নতুন ধাপ শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী থেকে এ কার্যক্রমের সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই অনুষ্ঠানে কৃষক কার্ড কর্মসূচির পাইলট পর্যায়ের কার্যক্রম এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা দেওয়ার কার্যক্রমও উদ্বোধন করা হবে।
ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কর্মসূচির উদ্বোধন হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ফ্যামিলি কার্ডের কার্যক্রম ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে। সরকারি ফ্যামিলি কার্ড প্ল্যাটফর্মে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে ১৪টি ইউনিটে কার্ড দেওয়ার মাধ্যমে কর্মসূচির পাইলটিং শুরু হয়।
৪৩ লাখ কৃষক আসছেন কৃষক কার্ডের আওতায়
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষককে কার্ডের আওতায় আনা হচ্ছে। এর মধ্যে ১ অক্টোবর ১ লাখ ৪৭ জন কৃষি উপকরণ সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। ফেনী জেলার ৭ হাজার ৬৪৩ জন কৃষক ছাপানো কার্ড পাবেন।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বৃহস্পতিবারের অনুষ্ঠানে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলা যুক্ত থাকবে। পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ কেনা ও সরকারি সহায়তা কৃষকদের কাছে সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের গুরুত্ব দেওয়া হচ্ছে।
আবার শুরু হচ্ছে খাল-নদী পুনঃখনন
বর্ষা মৌসুমে বিরতির পর ফেনী থেকেই নদী-খাল পুনঃখনন ও পানি ব্যবস্থাপনা কর্মসূচির নতুন ধাপও শুরু হচ্ছে। এর অংশ হিসেবে পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, প্রকল্পটির ব্যয় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা এবং বাস্তবায়নকাল ২০২৬ সালের এপ্রিল থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত।
প্রকল্পের আওতায় নদী ও জলাশয় পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো উন্নয়নের কাজ করা হবে। প্রকল্পে প্রায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাশয় পুনঃখননের পরিকল্পনা রয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে আগামী কয়েক বছরে দেশের বিভিন্ন নদী, খাল ও জলাশয় পুনঃখননের কার্যক্রম চালানোর কথা রয়েছে।
ধর্মীয় সেবাদানকারীদের সম্মানি
ফেনীর অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা দেওয়ার কার্যক্রমও শুরু হবে। সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় এ ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ফেনীতে প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার দিনব্যাপী ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরের শুরুতে তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় গিয়ে মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করবেন।
এরপর ফুলগাজীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সরকারি ভবনের ছাদে স্থাপিত রুফটপ সোলার সিস্টেম থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন।
বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় সেবাদানকারীদের সম্মানি ভাতা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হবে।
ফেনী সফর শেষে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

