Friday, November 6

অপরাধী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, তা নির্মোহভাবে তদন্ত করা হচ্ছে। অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান চলছে। এ অভিযান আরও জোরদার করা হবে। মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় এক পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাঁকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রাড্ডা ক্লিনিক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, অপরাধের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তদন্তের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। রাড্ডা ক্লিনিকের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর তথ্যও প্রকাশিত হয়েছে।

মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের গাড়ি ভাঙচুরের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে যোগাযোগের ঘাটতি বা সমন্বয়হীনতার বিষয়টি সামনে এসেছে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না। জনগণের নিরাপত্তা ও সমাজে শান্তি বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ করা কিংবা বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার বিষয়ে জনগণই বিচার করবে।

দুর্গাপূজায় বাড়ছে নিরাপত্তা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এ বছর দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় প্রায় দেড় হাজার বেশি। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হবে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) আগে ব্যবহৃত একটি বিশেষ অ্যাপ্লিকেশন দুর্গাপূজার সময় ব্যবহার করা হবে। জেলা পর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুলিশ সদর দপ্তর, বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিমও সক্রিয় থাকবে।

প্রতিটি পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট থানায় যাচাই করে পরিচয়পত্র দেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জরুরি পরিস্থিতির জন্য জেনারেটর ও চার্জার লাইট প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দুর্গাপূজার সরকারি ছুটি এবার তিন দিনে উন্নীত করা হয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে মোট পাঁচ দিনের ছুটি হবে। পূজামণ্ডপের সরকারি অনুদানও ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে বলে জানান তিনি।

Leave A Reply


Math Captcha
55 + = 56