নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন বসবাস করা গোলাপি বেগমের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্মিত নতুন বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নবীনগর উপজেলার রতনপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে বাড়ির চাবি তুলে দেওয়া হয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপর মানবিক বিবেচনায় তার চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়।
সংগঠনটির তথ্য অনুযায়ী, প্রায় এক বছর গোলাপি বেগমের চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থা করা হয়। পরে স্থায়ী পুনর্বাসনের জন্য নবীনগরের রতনপুর গ্রামে তার জন্য নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বাড়িটির নির্মাণকাজ সম্পন্ন হয়।
শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে গোলাপি বেগমের হাতে বাড়ির চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তাকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ, সংসদ সদস্য এবং স্থানীয় বিএনপি ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে চলতি বছরের এপ্রিলে নবীনগরের রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নির্মিত বাড়িটির কাজের উদ্বোধন করা হয়েছিল।
