Friday, November 6

বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা দীর্ঘদিনের জমে থাকা সংকটের ফল, এক দিনে এর সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত আইন-শৃঙ্খলাবিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার, যাতে বিদ্যুতের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভর করতে না হয়। অন্য দেশ বিদ্যুৎ দিলে পাওয়া যাবে, না দিলে সরবরাহ বন্ধ হয়ে যাবে, এমন পরিস্থিতির অবসান ঘটানো হবে।

ফ্যাসিবাদীদের বিষয়ে তিনি বলেন, এ দেশে তাদের আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। তারা দেশের সন্তানদের বুকে গুলি চালিয়েছে এবং ১৭ বছর ধরে মানুষকে জেল, জুলুম ও অত্যাচার করেছে।

ফারজানা শারমিন বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। কোনো ধরনের দমন-পীড়ন বা সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী জেলা যুব কমপ্লেক্স পরিদর্শন করে সেখানে চলমান কার্যক্রমের খোঁজখবর নেন। পরে লালপুর উপজেলার একটি পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

এ সময় মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

আইন-শৃঙ্খলাবিষয়ক সভায় লালপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, জেলা যুব কমপ্লেক্সের ডিপিসি ইকবাল হোসেন চপলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
45 − 39 =