নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। আগামী তিন মাসকে ডেঙ্গু প্রতিরোধের জন্য অত্যন্ত সংবেদনশীল সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই মিলে দেশ গঠন করতে চাইলে কোনো বাধাই তা ঠেকিয়ে রাখতে পারবে না।
ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণরাই একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে পারে।
যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সবাইকে নিয়মিত সময় দিতে হবে।
সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

