বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবীসহ মোট ১০ হাজার শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে ওমান। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের সরকারের এ বিষয়ে আলোচনা হয়েছে। ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছিল। তারা বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে। সব মিলিয়ে ১০ হাজার শ্রমিক নেওয়ার বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
তিনি জানান, এ বিষয়ে আরও আলোচনা করতে ওমানের একটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশে আসবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী কার্যক্রম চূড়ান্ত করা হবে।
ওমানের ভিসা চালুর বিষয়ে শামা ওবায়েদ বলেন, বিভিন্ন কারণে দেশটির ভিসা বর্তমানে বন্ধ রয়েছে। বিষয়টি আগের সরকারের সময় থেকেই হয়ে আসছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিরা যাতে নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, সে বিষয়ে সরকার কাজ করছে।
এদিকে ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের হেনস্তার প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বাঁধন যতদিন ইতালিতে অবস্থান করবেন, ততদিন তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে মঙ্গলবার ইতালির ভেনিসে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন অভিনেত্রী বাঁধন। তার অভিযোগ, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা ও হেনস্তা করেন।

