রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধ’র্ষণ ও হ’ত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার কিছু পর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। আলোচিত এ মামলায় শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।
এর আগে গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে ওই রায়ের অনুলিপি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের পক্ষ থেকে নিয়মিত আপিল ও জেল আপিল করা হয়। তাঁদের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য হাইকোর্ট থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, নৃশংস এ হত্যাকাণ্ডের বিচারে হাইকোর্টেও আসামিদের সর্বোচ্চ সাজা বহাল থাকার প্রত্যাশা করছেন তাঁরা।
মামলার বিবরণ অনুযায়ী, রামিসার বাবা পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বির একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার। রামিসা পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ১৯ মে বাসায় রামিসাকে ধ’র্ষণের পর হ’ত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় হ’ত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।
২৫ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়। ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করেন আদালত।
এরপর গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী, তাঁদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন আদালত। তবে ৩৭৪ ধারা অনুযায়ী, হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এ দণ্ড কার্যকর করতে হবে।
রায়ে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত। আসামিরা জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে সেই অর্থ রামিসার উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় এ মামলার রায় ঘোষণা করা হয়েছিল। পরে দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও সংশ্লিষ্ট নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডের বিরুদ্ধে দুই আসামি জেল আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের ওপরই এখন শুনানি চলছে।

