Tuesday, November 10

দণ্ডিত পলাতক আসামি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর দণ্ড কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হয়ে থাকলে এবং তাঁর সাজা কমপক্ষে দুই বছর হলে তাঁকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ভুক্ত হওয়ায় তাঁর পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের এ, বি, সি ও ই উপধারা সম্মিলিতভাবে বিবেচনা করলে একজন দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার কোনো এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।

সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের বাংলাদেশে প্রবেশ ও দেশত্যাগের অধিকারের কথা উল্লেখ থাকলেও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকা কোনো ব্যক্তির ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার অধিকার প্রযোজ্য নয় বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, শেখ হাসিনা নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ-সংক্রান্ত অন্যান্য আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে। এমনকি পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের ই উপধারা অনুযায়ী, কোনো ব্যক্তি নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে গেলে বা পলাতক থাকলে তাঁকে পাসপোর্ট দেওয়া যায় না। ফলে শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার আইনগত সুযোগ নেই।

শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বারের ভারতের বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন করার বিষয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, পাসপোর্টের জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকেই আবেদন করতে হয়। শেখ হাসিনা নিজে কিংবা তাঁর দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বার।

আমিনুল ইসলাম বলেন, ভারতে অবস্থানরত একজন ব্যক্তির পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনজীবী চেম্বার কীভাবে আবেদন করছে, সে বিষয়ে তাদের মধ্যে কী ধরনের আইনি চুক্তি হয়েছে, তা স্পষ্ট নয়। এ ধরনের চুক্তি থাকলে তার অনুলিপিও প্রকাশ করা হয়নি। ক্লায়েন্টের সঙ্গে চুক্তি ছাড়া ওই আইনজীবী চেম্বার কীভাবে তাঁর পক্ষে পাসপোর্টের আবেদন করতে পারে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সরকার প্রণীত আইন। এই আইনের বিধান অনুযায়ী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই। একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারের সঙ্গে রাষ্ট্রের এক ধরনের বিশ্বাসঘাতকতার শামিল হবে।

Leave A Reply


Math Captcha
8 + 2 =