Tuesday, October 20

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ অক্টোবর) দুদকের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান। দুদকের তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়।

সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ

দুদকের অভিযোগ অনুযায়ী, ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জমা দেওয়া সিভিতে সায়মা ওয়াজেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ), বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজ করার তথ্য দেন।

দুদকের এজাহারে আরও বলা হয়েছে, ২০২৩ সালে ডব্লিউএইচওতে আবেদন করার সময় তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, শিক্ষা ম্যানুয়েল তৈরি বা পর্যালোচনার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি অটিজম ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কারিগরি বিশেষজ্ঞ হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। তবে তদন্তে এসব তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে বলে দুদক জানিয়েছে।

দুদকের দাবি, প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের সুযোগ না দিয়েই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট নথি পাঠানোর জন্য চাপ প্রয়োগ করা হয়। পরে বাংলাদেশের স্থায়ী মিশন, জাতিসংঘের কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এসব তথ্য জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে পাঠানো হয়। তদন্তে এসব তথ্যের ভিত্তিতেই তাঁর নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে।

যে ধারায় মামলা

দুদকের এজাহারে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ এসব তথ্য ব্যবহার করে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।

দুদক ২০২৫ সালের ২০ মার্চ সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে মামলা করে। একই দিন সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা করা হয়।

বর্তমান চার্জশিটের অনুমোদনটি সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগসংক্রান্ত মামলায়। অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।

Leave A Reply


Math Captcha
62 − = 58