Thursday, November 5

যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এসব কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ জানান, অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। প্রাথমিকভাবে কমিটি দুটি তাকে অব্যাহতির সুপারিশ করে। পরে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়।

তিনি বলেন, উচ্চতর তদন্ত কমিটিতে অধ্যাপক প্রভাস কুমারের একজন প্রতিনিধি দেওয়ার সুযোগ ছিল। তবে তিনি কোনো প্রতিনিধি দেননি। তার বক্তব্য বিভিন্ন সময়ে লিখিতভাবে নেওয়া হয়েছে। পরে উচ্চতর তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেয়।

শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ

এর আগে ২০২৫ সালের ৪ আগস্ট অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে তার চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, ক্লাসে উপস্থিতির নম্বর ও পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানতে ওই শিক্ষার্থী শিক্ষকের চেম্বারে যান। সেখানে শিক্ষক তাকে পরীক্ষার প্রশ্ন ও সাজেশন দেওয়ার কথা বলে কিছু প্রশ্ন দেখান এবং ছবি তুলতে নিষেধ করে খাতায় উত্তর লিখতে বলেন।

এ সময় শিক্ষক ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে অশোভনভাবে স্পর্শ করেন এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

ঘটনার বিচার চেয়ে ২০২৫ সালের ১৩ আগস্ট বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থীর মা।

অভিযোগের তদন্তে বিভাগের শিক্ষকদের সমন্বয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে অধিকতর তদন্ত করা হয়।

পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অধ্যাপক প্রভাস কুমারকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।

দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে উচ্চতর তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এবার তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিল সিন্ডিকেট।

Leave A Reply


Math Captcha
9 + 1 =