বরিশালের গৌরনদী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে একদিনে অন্তত ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া, সুন্দরী, বার্থী, কটকস্থল, বাউরগাতি ও মাগুরা এলাকায় এসব কামড়ের ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতদের মধ্যে শিশু থেকে শুরু করে নারী-পুরুষ—সব বয়সের মানুষ রয়েছেন।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের মধ্যে রয়েছে সাড়ে পাঁচ বছরের শিশু আবিদা, তিন বছরের আয়াত, আট বছরের লাইজু, চার বছরের তাইয়েবা, সাত বছরের সামিয়া, ছয় বছরের নবীনসহ আরও কয়েকজন নারী-পুরুষ। এছাড়া পাশের আগৈলঝাড়া উপজেলার একজন বাসিন্দাও আহত হয়েছেন।
হাসপাতাল সূত্র আরও জানায়, এর আগের দিনও একই এলাকায় কুকুর ও বিড়ালের কামড়ে আরও কয়েকজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সমিরন হালদার জানান, আহতদের হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সবাই বাড়িতে অবস্থান করছেন।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত পাগলা কুকুরটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

