বরিশালের গৌরনদীতে মঞ্জু বেপারী (৫০) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর পূর্ব কাসেমাবাদ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মঞ্জু বেপারী ওই এলাকার রশিদ বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এক যাত্রীকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন মঞ্জু। পথে রাত পৌনে ১১টার দিকে পূর্ব কাসেমাবাদ এলাকার ইয়াসিন খানের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে ভ্যানের ওপর ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা তার গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, নিহতের শরীরে ১০ থেকে ১২টি কোপের চিহ্ন ছিল। হাসপাতালে আনার পরপরই চিকিৎসা শুরু করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

