বরিশাল: উজিরপুর উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে অনুমতি ছাড়া বাইরে যাওয়া এবং জামায়াত আমীরের বাসভবনে বৈঠকের অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— মো. ওবায়েদুল হক ও আয়েশা আক্তার।
স্থানীয়দের অভিযোগ, তারা কেন্দ্র থেকে বের হয়ে উপজেলা জামায়াতের আমীরের বাসায় যান। পরে সেখান থেকে বের হওয়ার সময় তাদের আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, অভিযোগ পাওয়ার পরপরই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন দুইজনকে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে অভিযুক্ত দুই কর্মকর্তা বৈঠকের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা খাবার খাওয়ার জন্য সাময়িকভাবে বাইরে গিয়েছিলেন।
ইউএনও বলেন, কেন্দ্র থেকে বের হওয়ার ক্ষেত্রে পিজাইডিং অফিসারের অনুমতি বাধ্যতামূলক। নিয়ম ভঙ্গ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

