Saturday, November 21

মোঃ সাব্বির আহমেদ | ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় অনিয়ম, জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে নিজের স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে যমুনা ব্যাংকের নিলামে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যাংকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপসহকারী পরিচালক মোহা. জাহাঙ্গীর আলম ও আদালত সহকারী বেলাল হোসেন অংশ নেন। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পায় সংস্থাটি। পাশাপাশি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রী জেসমিন রহিমের মালিকানাধীন প্রতিষ্ঠান যায়েদী ট্রেডার্সের অনুকূলে যমুনা ব্যাংকের নিলামে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগ ওঠে।

অভিযোগের সত্যতা যাচাইয়ে এনফোর্সমেন্ট টিম যমুনা ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও শাখা পরিদর্শন করে। এ সময় নিলাম-সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করা হয়।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়ায় অবস্থিত যায়েদী ট্রেডার্স নিলামে বিজয়ী হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের স্ত্রী জেসমিন রহিম। এ ঘটনায় নিলাম প্রক্রিয়ায় প্রভাব বিস্তার এবং স্বার্থের সংঘাতের সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

দুদক জানিয়েছে, অভিযানে সংগৃহীত নথিপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। পর্যালোচনা শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে অভিযান শেষে তাৎক্ষণিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

অভিযোগের বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েল বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়। হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এর আগেও সরকারি পর্যায়ে এ বিষয়ে তদন্ত হয়েছে এবং সেই তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। দুদকের চলমান তদন্তেও যথাযথ কাগজপত্র জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

দুদকের উপপরিচালক শেখ গোলাম মাওলা বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে। এ সময় সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এসব নথি ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =