Saturday, November 21

চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ি ‘নিরিবিলি’তে সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকলেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়িটির পরিত্যক্ত অংশে আগুন দেওয়া হয়। তবে বাড়িটিতে কেউ বসবাস না করায় হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও নিরাপত্তাকর্মীরা।

শুধু ড. ইউনূসের বাড়িই নয়, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, দলীয় কার্যালয় ও সরকারি স্থাপনায় হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িও হামলার শিকার হয়েছে। সড়কে যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটছে। বিভিন্ন স্থানে সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতার মধ্য দিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে বিএনপির সংসদ সদস্যসহ দলটির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে এর পাল্টা প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িঘরেও হামলা-অগ্নিসংযোগ শুরু হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দলীয় প্রধানের প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন তৎপরতার মধ্যেই গোপালগঞ্জসহ কয়েকটি এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। এর জেরে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ও স্থাপনায় হামলা হচ্ছে।

সরকারের পক্ষ থেকে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার ও অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে পুলিশের সাবেক আইজিপি মুহাম্মদ নুরুল হুদা কালবেলাকে বলেন, এ পরিস্থিতিতে সরকারকে ধৈর্যের পরিচয় দিতে হবে। সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। যারা জ্বালাও-পোড়াও ও নাশকতায় জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ধরনের অপরাধ করে পার পাওয়া যাবে না, এমন বার্তাও দিতে হবে।

গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের ঘটনা শুরু হওয়ার পর গত ১৭ নভেম্বর রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পৈতৃক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাড়িতে লুটপাট চালানোর অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা। একই রাতে বিএনপি সমর্থিত আরও কয়েকজনের বাড়িতে আগুন দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা এসব হামলায় জড়িত। ওই রাতেই টুঙ্গিপাড়া থানায়ও আগুন দেওয়া হয়।

এর পরদিন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবরের শহরের থানাপাড়া এলাকার বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। একই সঙ্গে তার ব্যক্তিগত কার্যালয় এবং মালিকানাধীন আরাফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই রাতেই কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। এ সময় সংসদ সদস্যের ভাই হাফিজ মোল্লা ও রফিক মোল্লার দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। একই গ্রামের লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লাসহ কয়েকজন সমর্থকের বাড়িতেও আগুন দেওয়া হয়। একই দিনে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লা এবং টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন উপজেলায় বিএনপির কার্যালয়, নেতা ও সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালানো হয়েছে।

অন্যদিকে গোপালগঞ্জের ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িঘর হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার রাতে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, ভবনের নিচতলার একটি কক্ষে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। একই রাতে চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ গ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

বুধবার গভীর রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাত ৩টার দিকে বিক্ষুব্ধ লোকজন বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করেন। পরে বাড়ির নিচে গার্ডের কক্ষ ও সামনের কয়েকটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেওয়া হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

একই রাতে পিরোজপুরে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন দেওয়া হয়। একই দিন সিরাজগঞ্জ পৌর শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়। এর আগেও এসব স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মশাল মিছিল নিয়ে বাড়িটির ফটকের সামনে আগুন জ্বালান। একপর্যায়ে বাড়ির ভেতরেও আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে আগুন দেওয়া হয়। এ নিয়ে বাড়িটিতে তিনবার অগ্নিসংযোগের ঘটনা ঘটল। একই রাতে আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়েও আগুন দেওয়া হয়।

বুধবার গভীর রাতে ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাসিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ছাড়া ১৮ নভেম্বর রাতে পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার এতিমখানা রোডে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের তালাবদ্ধ বাসভবনে আগুন দেওয়া হয়। একই রাতে বরগুনা পৌর শহরের চরকলোনী এলাকায় জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান শিহাবের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ি ‘নিরিবিলি’তে আগুন দেওয়া হয়। পুলিশ জানায়, বাড়িটিতে কেউ বসবাস করেন না। সেখানে তিনজন পুলিশ সদস্য ও নিজস্ব নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছিলেন। মধ্যরাতে তারা বাড়ির পরিত্যক্ত অংশে কাগজের স্তূপে আগুন জ্বলতে দেখেন। পরে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।

নেতাদের বাড়িঘর ছাড়াও চাঁদপুর ও ময়মনসিংহে দুটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়। পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন সোহাগ জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে জানালা ভেঙে ভবনে প্রবেশ করে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ছাড়া ময়মনসিংহের ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়েও বৃহস্পতিবার ভোরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া জানান, আগুনে বাড়ির ভেতরের অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি বাড়িটিতে গিয়ে ভাড়াটিয়াদের বের করে দেন। পরে তিনতলা বাড়িটির ভেতরে ভাঙচুর চালিয়ে নিচতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় জিয়াউল আহসানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেনাবাহিনী থেকে বহিষ্কৃত জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। একাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিচার চলছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা কালবেলাকে বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা বিঘ্নিত করা, নাশকতা, সহিংসতা কিংবা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পুলিশের গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। জনগণের জানমাল এবং সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 2