ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুদি ও মনোহারি দোকানের আড়ালে লাইসেন্সবিহীন ও অনুমোদনহীন বিভিন্ন ধরনের ওষুধ বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়িয়া পৌরসভার মরিচ মহল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন গৌর সাহা, স্বপন সাহা ও তপন দেবনাথ। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে তিনটি দোকানে লাইসেন্সবিহীন ও অনুমোদনহীন বিভিন্ন কোম্পানির যৌন উত্তেজক ও গর্ভধারণসংক্রান্ত নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগ পাওয়া যায়। এসব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মনোহারি পণ্যের আড়ালে বিভিন্ন নামহীন ওষুধ বিক্রি করে আসছিলেন বলে জানানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি দোকানে মূল্যতালিকা প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
