বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিনের পরিচিত মুখ জামাল ভূঁইয়া। বছরের পর বছর জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন, মাঝমাঠে রেখেছেন অভিজ্ঞতার ছাপ। তবে অধিনায়কের আর্মব্যান্ড এখন আর তার হাতে নেই। নেতৃত্বের জায়গা থেকে কাকে এগিয়ে রাখবেন, এমন প্রশ্নে এবার কোনো দ্বিধা করেননি জামাল। তার চোখে, বাংলাদেশের সম্ভাব্য সর্বকালের সেরা ফুটবলার হামজা চৌধুরী।
শুধু মাঠের পারফরম্যান্স নয়, নেতৃত্বের যোগ্যতারও প্রশংসা করেছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের অধিনায়কের আর্মব্যান্ড ছিল হামজার হাতে। অধিনায়কত্ব পাওয়ার দিন গোল করেও স্মরণীয় করে রাখেন তিনি। তার পারফরম্যান্সে ভর করে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
হামজার অধিনায়কত্ব নিয়ে বৃহস্পতিবার জামাল বলেন, ‘হামজা এটা ডিজার্ভ করে। ও ভালো খেলেছে। আর হামজা সম্ভবত বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলার। অবশ্যই সে সবচেয়ে বড় তারকা, দলের সেরা খেলোয়াড়। হামজার জন্য আমি খুব খুশি।’
দীর্ঘদিন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া জামালের মুখে সতীর্থের এমন প্রশংসা তাৎপর্যপূর্ণ। হামজার সামর্থ্য ও নেতৃত্বের গুণাবলি সম্পর্কে তার এই মূল্যায়ন বাংলাদেশের ফুটবলে হামজাকে ঘিরে তৈরি হওয়া নতুন প্রত্যাশারই প্রতিফলন।
শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ে দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট জামাল। চার গোলের ব্যবধানে জয় এবং নিজেদের জাল অক্ষত রাখা—সব মিলিয়ে দিনটি ছিল স্বস্তির। তবে গ্রুপ পর্বের সাফল্যে আত্মতুষ্টিতে ভুগতে চান না তারা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। জামালের মতে, শ্রীলঙ্কার চেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সামনে।
জামাল বলেন, ‘ম্যাচ ভালো ছিল। আমরা চার গোল করেছি, এটা ভালো ব্যাপার। আবার ক্লিন শিটও রেখেছি। সব মিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। এখন আমাদের মনোযোগ পাকিস্তান ম্যাচে। কারণ আমার মনে হয়, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।’
সাফের সেমিফাইনালের আগে বাংলাদেশের জন্য আরেকটি বড় ভাবনার বিষয় খেলোয়াড়দের ফিটনেস ও স্কোয়াডের গভীরতা। টুর্নামেন্টের ব্যস্ত সূচিতে এক ম্যাচের মাত্র দুই দিন পরই পরের ম্যাচ খেলতে হচ্ছে দলকে। তাই প্রথম একাদশের বাইরের খেলোয়াড়দেরও প্রস্তুত রাখার প্রয়োজনীয়তা দেখছেন জামাল।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বিশ্রামে ছিলেন কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার। অন্যদিকে সাদ উদ্দিনের চোট নতুন করে ভাবনায় ফেলেছে দলকে। এমন পরিস্থিতিতে বিকল্প খেলোয়াড়দের প্রস্তুত রাখার ওপর জোর দিয়েছেন জামাল। তার কথায়, ‘পুরো স্কোয়াড দরকার। কারণ একটা ম্যাচের দুই দিন পরই আবার খেলতে হচ্ছে। সাদ উদ্দিন চোট পেয়েছে। অবশ্যই সেখানে বিকল্প লাগবে। আপনারা দেখেছেন, হৃদয় সেন্টার ব্যাক হিসেবে খেলেছে। তাই পুরো স্কোয়াডের সবাইকে দরকার।’

