Sunday, October 18

ব্যাট হাতে আগ্রাসী ক্রিকেটই ছিল বীরেন্দ্র শেবাগের পরিচয়। প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে চার-ছক্কার বৃষ্টিতে দর্শকদের মাতিয়ে রাখতেন ভারতের সাবেক এই ওপেনার। এবার যেন বাবার সেই ব্যাটিংয়ের ঝলক দেখালেন ছেলে আর্যবীর শেবাগ।

ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফিতে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ১৮ বছর বয়সী আর্যবীর। দিল্লির হয়ে ওপেনিংয়ে নেমে চণ্ডীগড়ের বিপক্ষে ১৪৩ বলের ইনিংসটি সাজান তিনি ১৯টি চার ও ৮টি ছক্কায়।

আর্যবীরের ব্যাটে ভর করেই নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে দিল্লি। দলের মোট রানের প্রায় ৬০ শতাংশই এসেছে তাঁর ব্যাট থেকে। বাবার মতোই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় ইনিংস খেলার সামর্থ্যের জানান দিয়েছেন এই তরুণ।

ছেলের ব্যাটিং নিয়ে আগে থেকেই নিজের দর্শনের কথা জানিয়েছিলেন বীরেন্দ্র শেবাগ। তাঁর পরামর্শ ছিল, বড় রান করার চিন্তায় না থেকে নিজের স্বাভাবিক খেলাটা উপভোগ করা।

শেবাগ বলেছিলেন, ‘আর্যবীরকে বলেছি, চাপ থাকবেই। কিন্তু মাঠে গিয়ে স্বাধীনভাবে খেলবে। নিজের সামর্থ্য প্রকাশ করবে। বড় রান করার চিন্তা করো না। নিজের খেলাটা খেললে বড় রান এমনিতেই আসবে।’

চণ্ডীগড়ের বিপক্ষে আর্যবীরের ইনিংসে সেই পরামর্শের প্রতিফলনই দেখা গেছে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষের বোলারদের চাপে রাখেন তিনি।

সম্প্রতি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হয় আর্যবীরের। সেই সিরিজে তিন ম্যাচে ১০৯ রান করেন তিনি। সর্বোচ্চ ইনিংস ছিল ৪৭ রানের। এবার ভিনু মানকড় ট্রফিতে ১৭৩ রানের ইনিংস খেলে নিজের ব্যাটিং প্রতিভার আরেকটি ঝলক দেখালেন শেবাগপুত্র।

Leave A Reply


Math Captcha
+ 73 = 79