Sunday, October 18

বারবার চোটের কারণে মাত্র ৩০ বছর বয়সেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন স্কটল্যান্ডের পেসার ব্র্যাড হুইল। পিঠে চারবার স্ট্রেস ফ্র্যাকচার এবং সম্প্রতি হাঁটুতে অস্ত্রোপচারের পর ফাস্ট বোলিং চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ায় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে স্কটল্যান্ডের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হুইল। সেবার প্রথম রাউন্ডের ম্যাচে স্কটল্যান্ড মাত্র ১৪০ রান করেও বাংলাদেশকে হারিয়ে দেয়। ওই ম্যাচে ২৪ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেসার।

শুক্রবার ক্রিকেট স্কটল্যান্ডের মাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানিয়ে হুইল বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে হ্যাম্পশায়ারে কাটানো সময় এবং স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করা তাঁর জন্য আনন্দের ছিল। তবে বারবার চোটের কারণে ক্রিকেট ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।

হুইল বলেন, ‘এটা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু আমি এর সঙ্গে শান্তিতে আছি। আমার পিঠে চারবার স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে এবং সম্প্রতি হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। শেষ পর্যন্ত আমার শরীর আর ফাস্ট বোলিংয়ের ধকল সামলাতে পারছে না।’

২০১৬ সালে হংকংয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হুইলের। এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে স্কটল্যান্ডের হয়ে ৪৪ ম্যাচে ৫১টি উইকেট নিয়েছেন তিনি। চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন এই পেসার।

বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় পারফরম্যান্স ছাড়াও বিশ্বমঞ্চে স্কটল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন হুইল। চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তাঁর অবসরের মধ্য দিয়ে শেষ হলো স্কটল্যান্ডের হয়ে এক দশকের আন্তর্জাতিক অধ্যায়।

Leave A Reply


Math Captcha
34 − 24 =