মাঠে প্রত্যাশিত ছন্দে নেই, দেখেছেন লাল কার্ড, রয়েছেন একাধিক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কায়। এর মধ্যেই ব্যক্তিগত জীবনে আরেকটি ধাক্কা খেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে আবারও বিচ্ছেদ হয়েছে এই ফরোয়ার্ডের।
ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল-এর প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার (১১ অক্টোবর) ভার্জিনিয়ার প্রতিনিধিরা বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। তাঁদের ভাষ্য, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এ নিয়ে দুজনের মধ্যে কোনো ঝগড়া বা বিরোধ হয়নি বলেও জানানো হয়েছে।
ভার্জিনিয়ার প্রতিনিধিদের বক্তব্য, “ভার্জিনিয়া ফনসেকা ও ভিনিসিয়ুস জুনিয়র আর একসঙ্গে নেই। কোনো বিরোধ হয়নি, কোনো ঝগড়াও হয়নি। তাঁরা শুধু যুগল হিসেবে আর একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।”
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভার্জিনিয়ার একা ভ্রমণকে কেন্দ্র করে তাঁদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে সে সময় তাঁর প্রতিনিধিরা জানিয়েছিলেন, ভার্জিনিয়ার সাবেক স্বামী সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে সন্তানদের সময় কাটানোর সুযোগ করে দিতেই ওই ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল।
২০২৫ সালের অক্টোবরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া। চলতি বছরের মে মাসে তাঁদের বিচ্ছেদ হয়। তবে জুলাইয়ে আবারও এক হন তাঁরা। সেই পুনর্মিলনের তিন মাসের মাথায় আবারও আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন দুজন।
মাঠের পারফরম্যান্স ও শাস্তির শঙ্কার মধ্যে ব্যক্তিগত জীবনের এই বিচ্ছেদ ভিনিসিয়ুসের জন্য নতুন আলোচনার জন্ম দিয়েছে।

