Saturday, August 15

স্পোর্টস ডেস্ক:
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) পঞ্চম আসরে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস তাকে দলবদলের আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।

এর আগে গত আসরেও দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন মোস্তাফিজুর। আসরের মাঝপথে দেশে ফেরার আগে দলটির জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমি রেটে ১৫ উইকেট শিকার করেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। বিপিএলে অংশ নেওয়ার জন্যই পরে দেশে ফিরতে হয়েছিল তাকে।

আইপিএলে রেকর্ড মূল্যে দল পেলেও খেলা হয়নি

দুবাই ক্যাপিটালসে ফেরার আগে আইপিএলের দলও নিশ্চিত করেছিলেন মোস্তাফিজুর। খেলোয়াড় নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সে সময় ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য এটিই ছিল সর্বোচ্চ নিলামমূল্য।

তবে শেষ পর্যন্ত সেই আসরে কেকেআরের হয়ে মাঠে নামা হয়নি মোস্তাফিজুরের। ভারতের উগ্রপন্থীদের হুমকির পর তাকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ এবং ভারতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।

২২ নভেম্বর শুরু আইএল টি-টোয়েন্টি

ছয় দলের অংশগ্রহণে আইএল টি-টোয়েন্টির পঞ্চম আসর শুরু হবে আগামী ২২ নভেম্বর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর।

গত আসরে মুম্বাই এমিরেটসকে হারিয়ে শিরোপা জিতেছিল ডেজার্ট ভাইপার্স। এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে ডেজার্ট ভাইপার্সের পাশাপাশি দুবাই ক্যাপিটালসসহ ছয়টি দল মাঠে নামবে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =