স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন হোর্হে মেসি। চিকিৎসাধীন অবস্থায় রোজারিওর একটি ক্লিনিকেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
হোর্হে মেসিকে ছেলের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। লিওনেল মেসির ক্যারিয়ারের শুরুর দিনগুলো থেকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠার পুরো যাত্রায় তিনি ছেলের পাশে ছিলেন।
মেসির এজেন্ট হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন হোর্হে। ছেলের পক্ষে বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ও অন্যান্য বিষয়ে আলোচনা পরিচালনা করতেন তিনি। একই সঙ্গে মেসির ব্যবসায়িক কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগের সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।
ছেলের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও হোর্হে মেসি ছিলেন লিওনেল মেসির ঘনিষ্ঠ সহযাত্রী। তার মৃত্যুতে ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

