মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে দলে নিতে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোর।
মঙ্গলবার (৪ আগস্ট) ক্লাবটি এক বিবৃতিতে জানায়, লিভারপুল ছাড়ার পর ফ্রি এজেন্ট হওয়া ৩৪ বছর বয়সী সালাহর সঙ্গে চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। বুধবার তিনি প্রথমে ইস্তাম্বুলে পৌঁছাবেন, এরপর ট্রাবজোনে যাবেন।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সালাহ ট্রাবজোনস্পোরের সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাবজোনে সালাহকে স্বাগত জানানোর সময়সূচি ও আনুষ্ঠানিক তথ্য পরে প্রকাশ করা হবে।
গত মৌসুম শেষে লিভারপুল ছাড়ার পর থেকেই ফ্রি এজেন্ট ছিলেন সালাহ। অ্যানফিল্ডে নয় মৌসুমে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করে ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল ফুটবলার হিসেবে বিদায় নেন তিনি। এ সময়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, দুটি লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।
সালাহকে দলে নিতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এবং সৌদি আরবের কয়েকটি ক্লাবও আগ্রহ দেখিয়েছিল। তুরস্কের আরেক ক্লাব বেসিকতাসও তাকে প্রস্তাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল।
চেলসি, রোমা ও ফিওরেন্তিনার সাবেক এই ফরোয়ার্ড চলতি বছরের বিশ্বকাপে মিসরের নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে দলটি শেষ ষোলো পর্যন্ত উঠলেও আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয়।
লিভারপুলে শেষ মৌসুমে সালাহর পারফরম্যান্সে কিছুটা ছন্দপতন দেখা যায়। একপর্যায়ে টানা তিন ম্যাচ তিনি একাদশের বাইরে থাকেন। পরে এক সাক্ষাৎকারে ক্লাবের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, খারাপ ফলের সময় তাকে বলির পাঁঠা বানানো হয়েছে। সাবেক কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কও ভালো ছিল না বলে জানান তিনি।
সবকিছু ঠিক থাকলে ট্রাবজোনস্পোরেই শুরু হতে যাচ্ছে মোহাম্মদ সালাহর ক্যারিয়ারের নতুন অধ্যায়।

