Saturday, August 8

ব্রাজিলের সাও পাওলোর যুব দলের সাবেক প্রতিশ্রুতিশীল ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো (১৫) প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে এ তথ্য নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটেছে আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেওর পন্তাল দা বাররা এলাকায়। ম্যাচ চলাকালে হঠাৎ গুলির ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, কিশোর ফুটবলারকে মূলত ভুলবশত লক্ষ্যবস্তু বানিয়ে গুলি চালানো হয়েছিল।

গুলিবিদ্ধ অবস্থায় মিকায়েলকে দ্রুত উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলাগোয়াসের বাসিন্দা মিকায়েল চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে কোপা ফিক্টর শিরোপা জিতেছিলেন। পরে নিজ শহরে ফিরে সিএসএ (সেন্ট্রো স্পোর্তিভো আলাগোয়ানো)-এর অনূর্ধ্ব-১৫ দলে নিয়মিত অনুশীলন করছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিএসএ। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, তাদের অনূর্ধ্ব-১৫ দলের সদস্য মিকায়েলের অকাল মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

ঘটনার পর তদন্ত শুরু করেছে হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশন। তদন্ত কর্মকর্তা উয়েসলেই লিমা ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, স্থানীয় দুই মাদক চক্রের মধ্যে সংঘর্ষের জেরে এ হামলার ঘটনা ঘটে। আর সেই সংঘর্ষের বলি হন প্রতিশ্রুতিশীল এই কিশোর ফুটবলার।

Leave A Reply


Math Captcha
+ 37 = 47