Saturday, August 8

স্পোর্টস ডেস্ক:
উন্নত ভবিষ্যতের আশায় স্পেনে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন মরক্কোর নারী ফুটবলার ফাতেন বেন আমার এল আজিজি। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবায়িত হলো না। স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় পৌঁছাতে সাগরপথে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ২০ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার।

মরক্কোর ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট আল বতোলা জানিয়েছে, সেউতায় প্রবেশের চেষ্টাকালে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় ফাতেনের মৃত্যু হয়। পরে জানা যায়, সাগর পাড়ি দেওয়ার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে তিনি ডুবে মারা যান।

ঘটনাটি ঘটেছে মরক্কো-স্পেন সীমান্তে চলমান অভিবাসন সংকটের প্রেক্ষাপটে। উন্নত জীবনের আশায় সাম্প্রতিক সময়ে হাজারো মানুষ সাগরপথে বা সীমান্ত অতিক্রম করে সেউতায় প্রবেশের চেষ্টা করছেন। ঝুঁকিপূর্ণ এসব যাত্রায় ইতোমধ্যে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

ফাতেন বেন আমার এল আজিজি মরক্কোর ক্লাব মাগরেব অ্যাথলেটিক তেতোয়ান-এর নারী দলের মিডফিল্ডার ছিলেন। এর আগে তিনি মরক্কো অ্যাথলেটিক তানজিয়ার-এর হয়েও খেলেছেন। অল্প বয়সেই দেশের সম্ভাবনাময় নারী ফুটবলার হিসেবে পরিচিতি অর্জন করেছিলেন তিনি।

ফাতেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, তিনি খ্যাতি বা রোমাঞ্চের খোঁজে নয়, বরং সীমান্তের ওপারে একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়েই এই ঝুঁকিপূর্ণ যাত্রায় নেমেছিলেন।

তার মৃত্যুতে মরক্কোর ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। সতীর্থ, কোচ ও ক্রীড়া সংশ্লিষ্টরা তার বিনয়ী স্বভাব, পেশাদার মনোভাব এবং খেলোয়াড়সুলভ আচরণের কথা স্মরণ করেছেন।

মরক্কোর পেশাদার ফুটবলার ইউনিয়ন এক শোকবার্তায় ফাতেনের পরিবার, স্বজন, সতীর্থ এবং মাগরেব অ্যাথলেটিক তেতোয়ান ক্লাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে সংগঠনটি।

ফাতেন বেন আমার এল আজিজির মৃত্যু শুধু একটি সম্ভাবনাময় ফুটবল ক্যারিয়ারের সমাপ্তিই নয়, বরং উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথে পা বাড়ানো অসংখ্য তরুণ-তরুণীর কঠিন বাস্তবতারও নির্মম প্রতিচ্ছবি।

Leave A Reply


Math Captcha
33 + = 35