বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ক্ষত এখনো শুকায়নি আর্জেন্টিনার। তবে ‘প্রতিশোধের’ সুযোগ খুব বেশি দূরে নাও থাকতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষ দিকে আবারও মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন। সম্ভাব্য সেই ম্যাচের মঞ্চ হতে পারে ফিনালিসিমা।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা নতুন করে আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে।
২০২৪ সালের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার এই ম্যাচটি দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তার মধ্যে ছিল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ম্যাচটি গত ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেখানে ম্যাচটি আয়োজন সম্ভব হয়নি।
পরে বিকল্প ভেন্যু নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। স্পেনের পক্ষ থেকে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের প্রস্তাব দেওয়া হলেও আর্জেন্টিনা ম্যাচটি নিজেদের দেশের বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আয়োজনের পক্ষে ছিল। শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
তবে নতুন করে ফিনালিসিমা আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে বলে জানিয়েছে মার্কা। এতে বিশ্বকাপ ফাইনালের পর দুই ফুটবল পরাশক্তির আরেকটি উত্তেজনাপূর্ণ লড়াই দেখার সুযোগ পেতে পারেন সমর্থকরা।
এখনো ম্যাচের তারিখ, ভেন্যু কিংবা আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি। কনমেবল, উয়েফা এবং সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনগুলোর চূড়ান্ত সিদ্ধান্তের পরই বিষয়টি নিশ্চিত হবে।
মার্কার প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফিফার আন্তর্জাতিক উইন্ডো রয়েছে। এই সময়ের মধ্যেই ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্পেন।

