Thursday, July 16

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে মিশরের ৩-২ গোলের নাটকীয় হার ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) আনুষ্ঠানিক অভিযোগের পর এবার নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানীও দাবি করেছেন, ম্যাচটিতে মিশরের সঙ্গে অন্যায় করা হয়েছে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের একাধিক সিদ্ধান্ত এবং ভিএআরের ব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিশেষ করে মোস্তফা জিকোর একটি গোল ভিএআরের পরামর্শে বাতিল করে দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করেই মূল বিতর্কের জন্ম। গোল হওয়ার প্রায় ২০ সেকেন্ড আগে সংঘটিত একটি ফাউলের অভিযোগে গোলটি বাতিল করা হয়। পরে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে।

বুধবার নিউইয়র্কে দ্রুতগতির বাসসেবা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিশ্বকাপের এই বিতর্কের প্রসঙ্গ টানেন মেয়র জোহরান মামদানী। সময় সাশ্রয়ের সুবিধা তুলে ধরতে গিয়ে তিনি বলেন,

“এর মানে হলো, আপনি আপনার বন্ধুদের সঙ্গে একমত হওয়ার সময় পাবেন যে গতকাল মিশরের সঙ্গে অন্যায় করা হয়েছে, মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে। সবচেয়ে বড় কথা, নিউইয়র্কবাসীরা তাদের মূল্যবান সময় ফিরে পাবেন।”

এদিকে ম্যাচ শেষে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারিং এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারে গুরুতর ত্রুটি ছিল, যা বিশ্বকাপের মতো আসরের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল বিশেষজ্ঞ ও বিশ্লেষকরাও ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ ছাড়া, নাম প্রকাশে অনিচ্ছুক মিশরের এক ফুটবলার আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম দ্য অ্যাথলেটিক-কে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, এই বিশ্বকাপ ‘ফিক্সড’ বা পূর্বনির্ধারিত। তাঁর দাবি, মিশরের গোল বাতিল এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর পেছনে আর্জেন্টিনার পক্ষ থেকে রেফারিদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছিল।

সূত্র: ইয়াহু স্পোর্টস

Leave A Reply


Math Captcha
50 − = 45