বিশ্বকাপ চলাকালেই বড় ধরনের চাপে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির যুক্তরাষ্ট্রে পরিচালিত আর্থিক লেনদেন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এএফএ কীভাবে যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের কার্যক্রম পরিচালনা করেছে এবং মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে কোটি কোটি ডলারের লেনদেনে কোনো আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না।
তদন্তের কেন্দ্রে রয়েছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। তদন্তের অংশ হিসেবে ব্যবসায়ী গিয়ের্মো তোফোনিকে প্রায় তিন ঘণ্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই জিজ্ঞাসাবাদে ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটর এবং এফবিআইয়ের কর্মকর্তারা অংশ নেন।
প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তদন্তের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে। এএফএর কার্যক্রম তদারকির সঙ্গে সংশ্লিষ্ট আর্জেন্টিনা সরকারের সাবেক কয়েকজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে। বিশেষ করে সংস্থাটির আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে—এমন ব্যক্তিদের সাক্ষ্য নেওয়ার প্রস্তুতি চলছে।
এ ছাড়া জানা গেছে, এই তদন্তের প্রাথমিক রূপরেখা ২০২৫ সাল থেকেই তৈরি করা হচ্ছিল। তবে বিশ্বকাপ চলাকালীন সময়ে তদন্ত কার্যক্রম প্রকাশ্যে আসায় বিষয়টি আর্জেন্টিনা ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে এখনো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এফবিআই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

