Sunday, October 11

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫০টির বেশি সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এসব হামলায় ইরান-সমর্থিত হুথি বাহিনীর ১ হাজার ৪০০ জনের বেশি যোদ্ধা হতাহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়।

ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযানের আওতায় হুথিদের নিয়ন্ত্রিত ভূখণ্ডের গভীরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে।

গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখলের দাবি

আল-নুজাইলি আরও দাবি করেন, স্থলবাহিনী হুথিদের প্রতিরক্ষাব্যূহ ভেঙে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো পুনর্দখল করেছে। পাশাপাশি অভিযানে অর্জিত সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে সরকারি বাহিনী। নির্ধারিত সামরিক পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

গত রোববার ইয়েমেন সরকার ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরুর ঘোষণা দেয়। হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধার করাই এ অভিযানের লক্ষ্য বলে জানানো হয়েছে।

তবে হামলার সংখ্যা, হুথি যোদ্ধাদের হতাহতের পরিসংখ্যান এবং সরকারি বাহিনীর ভূখণ্ড পুনর্দখলের দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: আলজাজিরা।

Leave A Reply


Math Captcha
− 1 = 3