ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন ফাতেমা বেগম নামে এক নারী। পরে অভিযান চালিয়ে ওই যুবককে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার নেকমরদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবক জেমস ওরফে মিলন (৩৫) স্থানীয় সিরাজুল ইসলামের ছেলে।
ফাতেমা বেগমের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন তার বাড়িতে অভিযান চালায়। এ সময় মিলনকে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীশংকৈলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবর রহমান। আদালত মিলনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে কারাগারে পাঠানোর জন্য থানায় সোপর্দ করা হয়।
ছেলেকে আইনের হাতে তুলে দেওয়ার বিষয়ে ফাতেমা বেগম বলেন, ছেলের কারণে তারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন। কোনোভাবেই তাকে সামলাতে না পেরে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ছেলে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এলেই তাদের শান্তি বলে জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবর রহমান জানান, মিলন কয়েক বছর ধরে গাঁজা ও ইয়াবায় আসক্ত বলে তথ্য পাওয়া গেছে। মাদক কেনার জন্য তিনি প্রায়ই মা-বাবার কাছে টাকা চাইতেন। টাকা দিতে না পারলে তাদের গালিগালাজ ও মারধর করতেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার টাকার জন্য তিনি পরিবারের সদস্যদের মারধর করতেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড দিয়ে থানায় সোপর্দ করেছে।

