Thursday, November 26

রাজধানীর জিগাতলায় ছাত্রলীগের এক নেতাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে তুলে দেওয়ার আগে তাকে কলা খাইয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। এ সময় ওই নেতাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ঢাকায় গেলে নয়নের জালে ধরা খাইতে হবে, তোমাদের আপা আর আইবো না, আপা মারা গেছে।’ বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি ঢাকায় অবস্থানরত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় আলোচনায় এসেছেন যুবদল নেতা নয়ন। কিছুদিন আগে আওয়ামী লীগপন্থি সন্দেহে এক আইনজীবীকে মারধরের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। রায়হান রনি নামের ওই আইনজীবীর অভিযোগ, কালভার্ট রোড এলাকায় তাঁকে মারধর করে পল্টন থানা পুলিশের হাতে তুলে দেন নয়ন ও তাঁর অনুসারীরা। এতে তাঁর মাথায় ১০টি সেলাই দিতে হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

বুধবার রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জিগাতলার একটি বাসা থেকে এক যুবককে বের করে আনছেন নয়ন ও তাঁর অনুসারীরা। ওই যুবককে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে নয়ন বলেন, ‘আরে, রাজনীতি আমরাও করছি। ও ছাত্রলীগ করে, ওর ছোট ভাই করে। ওর বাবা আওয়ামী লীগের বড় নেতা। বাবা ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার। ওই হিসাবে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ করত।’

তবে আটক যুবক নিজেকে শুধু ‘ছাত্র’ বলে পরিচয় দেন। এ সময় নয়ন তাঁকে প্রশ্ন করেন, ‘তোমাদের সবার পদ-পদবি আমি বলব? তোমার কি মনে হয়, এই রাত ২টা বাজে আমি তোমার কাছে তোমার কোনো ইনফরমেশন ছাড়াই আসছি?’

নয়ন আরও বলেন, ‘আমি তোমাদের বারবার বলতেছি, এ যে গোপালগঞ্জসহ ঢাকাশহরে কোনো জায়গায় ঢুকলেই নয়নের নেটওয়ার্কে বাড়ি খাবে। তার পরও তোমরা ঢাকায় আইসা নাশকতার চেষ্টা করো! এটা হয়? বলো… প্রত্যেকটা দিন আমি বলতেছি, ঢাকা শহরে আসলেই নয়নের নেটওয়ার্কে বাড়ি খাবে; খাইতেই হবে। এটা তো কারেন্ট জাল বিছানো, এ জালের নেটওয়ার্ক কেউ জানে না।’

আটক যুবককে উদ্দেশ করে তিনি বলেন, ‘তুমি তো কালকে কোর্টে যাবা, কোর্টে গেলে সবাইরে বলবা যে—সব জায়গায় যা, ঢাকায় যাইস না। ঢাকায় গেলে নয়নের জালে ধরা খাইতে হবে। ঠিক আছে? আর আপা আইবো না; আপা মারা গেছে।’

পরে ওই যুবকের ছোট ভাই আওয়ামী লীগের মিছিলে অংশ নিয়েছেন—এমন একটি ভিডিও দেখিয়ে নয়ন বলেন, ‘এটা কে? তোমরা যেমন মিছিলে বলেছ, গোপালগঞ্জে সবেমাত্র শুরু হইল; আমিও তোমাকে বলি, গোপালগঞ্জ আজকে থেকে সবেমাত্র শুরু হইল।’

একপর্যায়ে আটক যুবককে নিজ হাতে একটি কলা খাইয়ে দেন নয়ন। এ সময় তিনি বলেন, ‘আমি নাকি ওদেরকে মারি; নেও, কলা খাও। এত রাতে আর ভালো ফল কোথায় পাবো? তোমরা তো আমারে শুধু বানাইছো। আমি ভালোবাইসা কলা খাইওয়াতাছি। আপা আইলে আপারে কইস, তোরে একটা কলা খাইওয়াই দিতে।’ এরপর নিজেও একটি কলা খান তিনি।

নয়ন আরও বলেন, ‘এখন তো তোদেরকে প্রতিদিন দামি দামি ফল খাওয়াইতেছি, দেখছোস না?’ পরে আটক যুবকের মাথায় হাত বুলিয়ে তাঁকে বলেন, ‘ভাই, সব আইডেন্টিফাই হয়ে গেছে, যা; দে, মোবাইলটা দে।’

এ সময় উপস্থিত কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি শরীয়তপুরের প্রসঙ্গ টেনে ওই যুবককে মারধরের কথা বললে নয়ন বলেন, ‘না, মারা যাইবো না; কেউ মাইরো না।’

পরে পুলিশ ওই যুবককে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। তাঁরা বলেন, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর। আপা আপা করিস না, তোদের আপা আইবো না। কিসের আবার ডিসেম্বর, ধইরা ধইরা জেলে ভর।’

এর আগে রাজধানীর পল্টন এলাকায় এক আওয়ামী লীগ নেতাকে ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা এবং এক যুবলীগ নেতাকে ফলমূল ও পনির খাইয়ে পুলিশের কাছে হস্তান্তরের ভিডিও নয়নের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছিল। এসব ঘটনায় নাশকতার পরিকল্পনার অভিযোগ তুলে অভিযুক্তদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার দাবি করেন রবিউল ইসলাম নয়ন।

Leave A Reply


Math Captcha
4 + = 10