দুজনই বিবাহিত, দুজনেরই ঘরে দুই বছরের সন্তান। তাঁদের একজনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। এমন দুই নেতাই হতে চান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি। নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তাঁদের প্রার্থিতা, ছাত্রত্ব ও সাংগঠনিক যোগ্যতা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা।
সভাপতি পদে আলোচনায় থাকা দুই নেতা হলেন সদ্য বিলুপ্ত রামগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব রাকিব হাসান।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি তৎকালীন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরে রামগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে শাহিন আলম মুন্নাকে পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং রাকিব হাসানকে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব করা হয়।
প্রায় পাঁচ বছর পর গত ৬ নভেম্বর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর নতুন কমিটিতে পদ পেতে শুরু হয় দৌড়ঝাঁপ। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের প্রার্থিতার কথা জানাচ্ছেন পদপ্রত্যাশীরা। এর মধ্যে উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় রয়েছেন সাবেক কমিটির এই দুই নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিন আলম মুন্না ২০২৩ সালের দিকে বিয়ে করেন। তাঁর দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বকশি বাজার এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। একই বছর বিয়ে করেন রাকিব হাসান। উপজেলার ইছাপুর ইউনিয়নের গাজীবাড়ির বাচ্চু মিয়ার মেয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁরও দুই বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে রাকিব হাসান এসএসসি পাস বলে জানা গেছে। শাহিন আলম মুন্নার বাড়ি রামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নন্দনপুর এলাকায়। অন্যদিকে রাকিব হাসান থাকেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজীরখিল এলাকায়।
দুই নেতার পারিবারিক অবস্থা ও শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো সামনে আসার পর ছাত্রসংগঠনের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁদের উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় নেতাকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতাকর্মী বলেন, ছাত্রসংগঠনের নেতৃত্বে আসতে হলে সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি ছাত্রত্বের বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত। নতুন কমিটিতে কাদের নেতৃত্বে আনা হবে, তা নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।
নিজের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি স্বীকার করেছেন শাহিন আলম মুন্না। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি। আমাদের বিয়ে কিংবা সন্তান থাকা নিয়ে কোনো সমস্যা নেই।’
জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, বিবাহিত ও সন্তানের বাবা হলে ছাত্রসংগঠনের কাজ করতে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ ধরনের নেতাদের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। যাঁদের ছাত্রত্ব নেই, তাঁদের পদে আসার কোনো সুযোগ নেই। অচিরেই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেওয়া হবে বলে জানান তিনি।

