Monday, November 23

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। গত পাঁচ দিনে এসব সংগঠনের ১৫ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

গত ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কেউ সংবাদ সম্মেলন করে, কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীদের অধিকাংশই ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ অজান্তেই দলীয় পদ পেয়েছেন বলে দাবি করেছেন। আবার কেউ শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ওইদিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পদত্যাগকারীদের একজন ছাড়া বাকি ১৪ জন এ ঘটনার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির। পরে ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।

এ ছাড়া গত পাঁচ দিনে বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি।

অন্যদিকে, ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।

নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের একজন দায়িত্বশীল নেতা বলেন, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি পদত্যাগের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি। এ ছাড়া দু-একজন পদত্যাগ করলেও দলের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের ফোন রিসিভ করে ব্যস্ত থাকার কথা জানিয়ে কল কেটে দেন।

Leave A Reply


Math Captcha
6 + 1 =