Friday, November 20

জনগণকে সঙ্গে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটটির শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হা’মলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে সৃষ্ট আতঙ্কের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। তাঁদের ভাষ্য, পতিত স্বৈরাচারের অপতৎপরতা চলছে এবং দেশ একটি অস্থির পরিস্থিতিতে পড়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে জনগণের জানমালের ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আতঙ্ক সৃষ্টি করে তারা নিজেদের প্রকৃত পরিচয় নতুন করে মানুষের সামনে তুলে ধরছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দল বৈঠকে বসেছে।

তিনি বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী ও বিতাড়িত আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক অপশক্তিকে রুখতে হবে। এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে ১১ দল।

মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে বিভেদ বা ফাটল তৈরি হলে দেশ দুর্বল হয়ে পড়বে। ওই ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু গণভোটের রায় কার্যকর না করাই আজকের পরিস্থিতির অন্যতম কারণ বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নসহ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ এবং জুলাই শক্তির ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর তাঁরা গুরুত্ব দিচ্ছেন। জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। নৈরাজ্যবাদী শক্তি জানমালের ক্ষতি করে জাতিকে পরাস্ত করতে পারবে না। তিনি নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানান।

নৈরাজ্যবাদীদের হা’মলায় নি’হত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের পরিবার এবং বাড়িঘরে অগ্নিসংযোগ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করা হয়।

মামুনুল হক সরকারের প্রতি কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। জনগণকে সম্মিলিতভাবে গণপ্রতিরোধের মাধ্যমে অপশক্তিকে প্রতিহত করার আহ্বানও জানান তিনি।

ব্রিফিংয়ে নেতারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু সরকারের পদক্ষেপ যথাযথ ও দৃশ্যমান ছিল না। এ সুযোগে ফ্যাসিবাদী শক্তি অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে। একই সঙ্গে সরকারের আচরণ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। ফলে ফ্যাসিবাদী শক্তির পেছনে যারা রয়েছে, তারাও অপতৎপরতার সুযোগ পাচ্ছে।

নেতারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং জনগণ সতর্ক রয়েছে। তারা জীবন দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করবে এবং দেশপ্রেম নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোন দল ক্ষমতায় থাকবে সেটি মুখ্য বিষয় নয়; লক্ষ্য হলো জনগণকে রক্ষা করা ও তাদের অধিকার নিশ্চিত করা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা হলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না। ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলা করবে।

Leave A Reply


Math Captcha
28 − 25 =